সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়া গংদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে ওই বিয়ের ওলিমার দাওয়াত দিয়ে নাজিম তার চাচাতো ভাই মাসুমের ঘরে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিমের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নাজিম গুরুতর আহত হন।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বোন সাজিয়া বেগম বলেন, মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাইয়ের ওপর হামলা করে তাকে হত্যা করেছে। আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
