বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের গুণগত মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় ও শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে শনিবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক লেকচার প্রদান, নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে লেকচারে তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য ও জননিরাপত্তায় ভূমিকা তুলে ধরেন। ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, ভিডিপি ও টিডিপির কার্যক্রম এবং পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি প্রশিক্ষণার্থীদের দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে মহাপরিচালক হস্ত ও কারুশিল্পের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ এবং উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় খাবার প্রস্তুত, কফি ও জুস তৈরি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের নির্দেশনা দেন। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মহাপরিচালক একাডেমিতে নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জের শুভ উদ্বোধন করেন এবং ১০০ মিটার ফায়ারিং রেঞ্জ ও ফায়ারিং প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি ড্রাইভিং সিমুলেটর পরিদর্শন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং অপারেশনাল প্র¯‘তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক সৌরবিদ্যুতের মাধ্যমে একাডেমির বিভিন্ন চলমান প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া একাডেমির স্টাফদের আবাসিক বাসস্থান, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স এবং অরণ্য রিসোর্ট পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণ অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসনসুবিধার উন্নয়ন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত ও প্রশিক্ষণবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মহাপরিচালকের এ পরিদর্শন ও দিকনির্দেশনা বাহিনীর প্রশিক্ষণব্যব¯’ার আধুনিকায়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার, কারিগরি ও পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধি এবং দেশ ও জনগণের সেবায় সদস্যদের পেশাগত সক্ষমতা উন্নয়নের চলমান উদ্যোগকে আরও গতিশীল করবে বলে মনে করছে আনসার বাহিনী।
