২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদিকে চিঠি

২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদিকে চিঠি

ফন্ট সাইজ:

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কারণ জানতে দেশটির সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি ঢাকা। শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারেনি সরকার। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সেই আইনে গর্হিত অপরাধের জন্য অভিযুক্তদের সাজা দেয়া হয়।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত ছিলেন। সৌদি আইনে এটিকে গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ ঘটনায় দেশটির আদালত আইনি ব্যবস্থা নিয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বাংলাদেশ। এ কারণে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট বিষয়গুলো ওই মন্ত্রণালয় দেখভাল করে।
সৌদি সরকারের জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মৃতদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সে দেশের আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সরকারের করণীয় সীমিত থাকে। এ সময় প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।