কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত ৭ থেকে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকাল ৭টার দিকে ওই রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টের ভেতরে উদ্ধার অভিযান শুরু হয়। সেখানে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা রয়েছে। নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত হতে আরও সময় লাগবে।’
