আজ খোলা ব্যাংক ও পুঁজিবাজার

ফন্ট সাইজ:

আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দেশের ব্যাংক ও পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। দুর্গাপূজার টানা ছুটির সঙ্গে সমন্বয় করে সরকার ও বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। সমপ্রতি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২শে অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ১৭ই অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২০ থেকে ২২শে অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে। এর পরিবর্তে ১৭ই অক্টোবর শনিবার সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

ফলে গ্রাহকেরা ওইদিন নিয়মিত কর্মদিবসের মতোই ব্যাংকিং সেবা পাবেন। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারের ছুটির সূচিও ঠিক করা হয়েছে। ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় ২০ থেকে ২৪শে অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। এর আগে শনিবার বাজার খোলা থাকবে বলে জানা গেছে। তবে লেনদেনের সময়সূচি নিয়ে ডিএসই’র আলাদা বিজ্ঞপ্তি এই প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি।