কোয়ার্টার ফাইনালে চোখ ফর্টিসের

কোয়ার্টার ফাইনালে চোখ ফর্টিসের

ফন্ট সাইজ:

সুযোগ কীভাবে কাজে লাগাতে হয় তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড লাইসেন্স জটিলতার কারণে এবার এফসি চ্যালেঞ্জ লীগের প্রিলিমিনারি প্লে অফ রাউন্ডে খেলতে পারেনি। তাদের জায়গায় সুযোগ পায় ফর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি। প্লে অফ পর্বে পুলিশ না পারলেও মুরাস ইউনাইটেডকে হারিয়ে এফসি চ্যালেঞ্জ লীগে জায়গা করে নেয় ফর্টিস। আজ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাদসিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে তারা। কুয়েতের ক্লাবটিকে হারানোর পাশাপাশি কোয়ার্টার ফাইনালে চোখ ফর্টিসের। ২২ হাজার দর্শক ধারণক্ষমতার মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে দু’দলের ম্যাচ শুরু রাত সাড়ে ১১টায়। প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লীগে খেলতে নামছে ফর্টিস এফসি। এর আগে আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র এ টুর্নামেন্টে খেলেছিল। ২০১৯ সালে এএফসি কাপে ইন্টার-জোন প্লে-অফের সেমিফাইনাল খেলে আবাহনী। এবার সেই ইতিহাস ভাঙ্গার চ্যালেঞ্জ ফর্টিসের। মিশন শুরুর আগে ক্লাবটির কোচ মাসুদ পারভেজ কায়সার চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ফর্টিস এফসি এ টুনামেন্টে ফর্টিস খেলবে।

আমরা ভাগ্যবান, ঘরোয়া লীগের সবশেষ আসরে তৃতীয় হয়েও এএফসি ক্লাব টুর্নামেন্টে খেলতে পেরেছি। ছেলেরা প্রিলিমিনারী পর্বে দারুণ খেলেছে। যে কারণে আজ আমরা এখানে। প্রতিপক্ষ তিন দলই শক্তিশালী। আমরা তাদের সমীহ করি। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে আমরা যেকোনো কিছু করে দেখাতে পারি। আমরা আমাদের সেরাটা দেবো। আশা করি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবো।’
পশ্চিম এশিয়া অঞ্চলের ‘সি’ গ্রুপে ফর্টিসের তিন প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া, স্বাগতিক কুয়েতের আল-কাদসিয়া স্পোর্টিং ক্লাব ও তাজিকিস্তানের রেগার-তাদাজ। এই অঞ্চলের তিনটি গ্রুপের (‘এ’, ‘বি’ ও ‘সি’) চ্যাম্পিয়ন এবং সেরা একটি রানার্সআপ দল যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের বাকি চারটি দল আসবে পূর্ব এশিয়া অঞ্চলের দুটি গ্রুপ থেকে।