ফুটবলে সব সুন্দরেরই একসময় সমাপ্তি ঘটে। তবে পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার যেভাবে শেষের দিকে এগোচ্ছে, তা ভক্তদের জন্য অত্যন্ত হতাশাজনক। নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র বিরোধের জেরে উয়েফা নেশনস লীগের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার সতীর্থ ভিতিনহা আশাবাদী যে সব ঠিকঠাক করে পুনরায় দলে ফিরবেন সিআরসেভেন। তবে রোনালদোর বোন এলমা আভেইরোর মতে, তার ভাইয়ের জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব সামান্য। মূলত, আল-নাসরের সাবেক ও পর্তুগালের বর্তমান কোচ জেসুসের বিরুদ্ধে ‘কথা রাখার বরখেলাপ’ করার গুরুতর অভিযোগ তোলেন রোনালদো। ঘটনার সূত্রপাত নেশনস লীগের দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ অধিনায়ককে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে।
এরপরই ক্যাম্প ছাড়েন তিনি। পরবর্তীতে এক দীর্ঘ বিবৃতিতে রোনালদো জানান, কোচের সঙ্গে বৈঠকে একটি স্ক্রিপ্ট ঠিক করা হলেও সংবাদ সম্মেলনে জেসুস তা সম্পূর্ণ এড়িয়ে যান। ক্যাম্প ছাড়ার কারণে রোনালদোর বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে পর্তুগাল। যদিও এ ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই পর পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রনেকা জানান, তারা তাদের অধিনায়ককে ফিরে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ের পর মিডফিল্ডার ভিতিনহা ইএসপিএনকে বলেন, ‘এটি খুবই অশান্ত একটি (আন্তর্জাতিক) বিরতি ছিল। আমরা সবাই চাই সবকিছু ঠিক হয়ে যাক এবং সে (রোনালদো) যেন জাতীয় দলে ফিরে আসে। আশা করি সব সমস্যার সমাধান হবে।’ তবে রোনালদোর বোন পরিস্থিতি কিছুটা ভিন্ন দেখছেন। দ্য মিররকে এলমা জানান, ভাইয়ের কামব্যাকের সম্ভাবনা বেশ কম। তিনি বলেন, ‘(রোনালদো) বেশ আঘাত পেয়েছেন। বিষয়টি বর্তমানে থমকে আছে, দেখা যাক কী হয়।’
আগামী মাসেত মাঝামাঝিতে নেশনস লীগের শেষ দুই ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ১৫ই নভেম্বর ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে খেলে ১৮ই নভেম্বর ওয়েলসে খেলতে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।
