বাংলাদেশের সকল বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা করা বন্ধ না হলে ডিসেম্বরের পর রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়েছেন প্রবাসী নাগরিক সমাজ যুক্তরাষ্ট্র শাখা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নোয়াখালী সমিতির সামনের প্রধান সড়কে প্রবাসী নাগরিক সমাজ যুক্তরাষ্ট্র শাখা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেছেন, রেমিট্যান্স বাংলাদেশের একটি শিল্প। এই শিল্প বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা দিতে হবে। বিমানবন্দরে প্রবাসীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসীদের হয়রানি বা হেনস্তা করা বন্ধ করতে হবে। বিদেশে লোক পাঠানোর নামে দলীয় সিন্ডিকেটের প্রতারণার শিকার প্রবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি বলেন, বিশ্বের সকল দেশ থেকে প্রবাসীরা দেশে টাকা পাঠায়। আর লুটপাটকারী রাজনীতিবিদ ও এমপি-মন্ত্রীরা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করছে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই রাষ্ট্রের যেখানে অনিয়ম-দুর্নীতির দেখা দিবে প্রবাসীরা সেখান থেকেই প্রতিরোধের ডাক দিবে।
এসময় প্রবাসী নেতৃবৃন্দ সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আওয়ামী সন্ত্রাসীদের হেনস্তা এবং নরসিংদীতে প্রবাসীকে কটূক্তির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিনকার্ড ও বাংলাদেশে অবস্থিত সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানান।
জেএসএফের চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন ও প্রবাসী নাগরিক সমাজের নেতা মোঃ শহিদুল্লাহ, মাওলানা জাকির হোসেন, আশরাফুল হাসান, সাইফুল ইসলাম, মোঃ কাশেম, আবদুল হুদা, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, দীন মুহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
