ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ রোগী

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ রোগী

ফন্ট সাইজ:

দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪৪০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।

২৪ ঘণ্টায় চারজনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মৃত্যু হয়েছে দুজনের। মারা যাওয়া চারজনই পুরুষ, তাদের বয়স ২৬ থেকে ৭০ বছরের মধ্যে। চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে নারী-পুরুষের সংখ্যা প্রায় সমান, নারী ৫০ দশমিক ৯ শতাংশ ও পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ। হাসপাতালে ভর্তি হওয়ার রোগীদের মধ্যে নারী ৩৭ দশমিক ৮ শতাংশ, পুরুষ ৬২ দশমিক ২ শতাংশ।

চলতি মাসে এরই মধ্যে ডেঙ্গুতে মারা গেছেন ৯০ জন। আগের মাস সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১৪৮। বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ১৫৫ জন। এরপরই রয়েছে খুলনা, ৬৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও ঢাকা বিভাগের সর্বোচ্চ, ৪৩ হাজার ৫৮৪। এরপরই আছে খুলনা, ১৬ হাজার ৯৯২।