গাইবান্ধায় বিয়ের একদিন আগে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরিফ শাহরিয়ার সৌমিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদের দিন গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এর আগে গত ৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে সৌমিকের বোন শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবারই তার বিয়ে এবং শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে বৌভাতের আয়োজনের কথা ছিল। নিহত সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। সৌমিকের বোন জানান, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সৌমিক।
এর মধ্যে গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেয়া হয়। সেখানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেয়ার পর দুপুরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলের দিকে শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে শোক প্রকাশ করছেন অনেকে।
