পুরুষ বন্ধুর সঙ্গে ৪৮ ঘণ্টার কোকেন পার্টি আমিরাতের সেই ‘রাজবধূর’

পুরুষ বন্ধুর সঙ্গে ৪৮ ঘণ্টার কোকেন পার্টি আমিরাতের সেই ‘রাজবধূর’

ফন্ট সাইজ:

লন্ডনের অভিজাত এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক নারী। পায়ে জুতা নেই, পাশে পড়ে রয়েছে স্যুটকেস ও ব্যক্তিগত জিনিসপত্র। আর তার দেখাশোনায় থাকা তিন বছরের এক শিশু ব্যস্ত সড়কের কাছে স্কুটার নিয়ে খেলছিল। কাছেই একটি বাড়ির প্রবেশপথে অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক পুরুষ।

প্রথমে তাকে গৃহহীন কোনো নারী বলে মনে হলেও পরে জানা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অত্যন্ত ধনী রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান। ৩২ বছর বয়সী এই নারীকে ঘিরে ঘটনাটি সামনে এসেছে লন্ডনের একটি আদালতে শিশু অবহেলার মামলার শুনানির পর।

বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, মাহরা ও তার এক পুরুষ বন্ধুর বিরুদ্ধে অভিযোগ, ঘটনার আগে তারা টানা প্রায় ৪৮ ঘণ্টার মাদক সেবন পার্টি করেছিলেন। এরপর পশ্চিম লন্ডনের কেনসিংটনের একটি সড়কে দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

আদালতে মাহরা শিশুকে অবহেলার একটি অভিযোগ স্বীকার করেছেন। বিচারক তাকে দুই বছরের কমিউনিটি অর্ডার দিয়েছেন, যার সঙ্গে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেয়ার শর্ত রয়েছে। পাশাপাশি তাকে পাঁচ হাজার পাউন্ড জরিমানা এবং এক হাজার পাউন্ড মামলার খরচ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

কেনসিংটনের ভাড়া করা ফ্ল্যাটে পার্টি
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মাহরার স্থায়ী ঠিকানা দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ এলাকায় প্রায় ১৬ লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল পেন্টহাউস। তবে ঘটনার সময় তিনি কেনসিংটনের সিনক্লেয়ার রোডের একটি বেসমেন্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া করা ওই ফ্ল্যাটের প্রতি রাতের ভাড়া প্রায় ২০০ পাউন্ড বলে ধারণা করা হচ্ছে। মাহরা ও তার পুরুষ বন্ধু অন্তত তিন রাতের জন্য সেটি বুক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই ফ্ল্যাটে টানা প্রায় ৪৮ ঘণ্টা ধরে পার্টি চলে। সেখানে কোকেনসহ বিভিন্ন মাদক সেবন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের তল্লাশিতে মাহরার কাছে মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি।

ফ্ল্যাটের এক প্রতিবেশী ডেইলি মেইলকে বলেন, রাতে তিনি প্রায়ই উচ্চ শব্দে গান, চিৎকার ও গান গাওয়ার আওয়াজ শুনতেন। এক রাতে খাবার সংগ্রহ করতে বাইরে গিয়ে মাহরা দরজার বাইরে আটকা পড়েন। তখন তিনি প্রতিবেশীর কাছে গিয়ে বেড়ার ওপাশে থাকা বন্ধুকে ডাকতে সাহায্য চান।
ওই প্রতিবেশী বলেন, পুরুষটিকে দেখে তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছিল। ফ্ল্যাটে একটি ছোট শিশুসহ মাত্র দুজন প্রাপ্তবয়স্ক ছিলেন—এ বিষয়টি জেনে তিনি বিস্মিত হন।

রাস্তায় অচেতন, পাশে খেলছিল শিশু
চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে গত ১৩ জুন শনিবার দুপুরে। সেদিন প্রচণ্ড গরম ছিল। এক প্রতিবেশী জানান, জানালা খোলা থাকায় তিনি বাইরে থেকে শিশুর দৌড়াদৌড়ির শব্দ শুনতে পান। বাইরে তাকিয়ে দেখেন, এক নারী ফুটপাতে বসে ঘুমিয়ে আছেন এবং কাছেই এক পুরুষ অচেতন অবস্থায় পড়ে রয়েছেন।

শিশুটি তখন স্কুটার নিয়ে খেলছিল। কিন্তু তার দেখাশোনার দায়িত্বে থাকা দুই প্রাপ্তবয়স্কই কার্যত অসাড় অবস্থায় ছিলেন। ওই প্রতিবেশী বলেন, তিনি মাহরাকে জিজ্ঞাসা করেন, তিনি ঠিক আছেন কি না। কোনো উত্তর না পেয়ে তাকে ঝাঁকিয়েও দেখেন। কিন্তু তাতেও সাড়া মেলেনি।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটির দেখাশোনা করেন এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে চারটি পুলিশের গাড়ি, একটি পুলিশ ভ্যান ও একটি অ্যাম্বুলেন্স পৌঁছায়।

আদালতে কৌঁসুলি রিও পাহলাভানপুর বলেন, পথচারীরা দেখতে পান শিশুটি জুতা ছাড়াই রাস্তায় স্কুটার নিয়ে ঘুরছিল এবং চলন্ত যানবাহনের খুব কাছাকাছি চলে যাচ্ছিল। এ কারণে তারা শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসেন।
কৌঁসুলির বক্তব্য অনুযায়ী, মাহরা প্রায় ৩০ মিনিট অচেতন ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি অস্বাভাবিক আচরণ করেন এবং চিৎকার করে বলেন, ‘এটি কোনো কসাইখানা নয়, আপনারা এত চিন্তা করছেন কেন?’
শিশুর প্রাণহানির ঝুঁকি ছিল
বিচারক জনসন বলেন, মাদকের প্রভাবে থাকা অবস্থায় শিশুটিকে জুতা ছাড়াই রাস্তায় খেলতে ছেড়ে দিয়ে মাহরা তার নিরাপত্তার প্রতি চরম অবহেলা দেখিয়েছেন। বিচারক আরও বলেন, একপর্যায়ে শিশুটি কাগজের টুকরোর পেছনে ছুটতে গিয়ে সড়কের দিকে চলে যায়। এক পথচারী তাকে আটকে না দিলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত।

পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন মাহরা
আদালতকে জানানো হয়েছে, ঘটনার পর থেকে মাহরা মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছেন। গত জুলাই মাসে তিনি সারে কাউন্টির ওকিংয়ে প্রাইরি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা শুরু করেন।

তার আইনজীবী স্টিফেন ভুলো বলেন, চিকিৎসা শুরু করার পর মাহরা মাদক গ্রহণ বন্ধ করেছেন এবং আসক্তি কাটিয়ে ওঠার বিষয়ে তার মধ্যে অনুশোচনা ও দৃঢ় সংকল্প রয়েছে।

আইনজীবী আরও জানান, তিন মাসের পুনর্বাসন কর্মসূচি শেষ করার পর মাহরা গিল্ডফোর্ড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে থেকে চিকিৎসা চালিয়ে যেতে চান। পাশাপাশি তিনি নারকোটিকস অ্যানোনিমাসের কার্যক্রমেও অংশ নেবেন।
আইনজীবীর ভাষায়, সেদিন মাহরা গুরুতর ভুল করেছিলেন এবং তিনি তা উপলব্ধি করতে পেরেছেন।

আদালতকে আরও জানানো হয়, মাহরা মাসে আট হাজার পাউন্ড ভাতা পান। বিচারক তাকে দুই বছরের কমিউনিটি অর্ডার, পাঁচ হাজার পাউন্ড জরিমানা এবং এক হাজার পাউন্ড মামলার খরচ পরিশোধের নির্দেশ দেন।