ফিফার মসনদে ‘অযোগ্য’ ইনফান্তিনো

ফিফার মসনদে ‘অযোগ্য’ ইনফান্তিনো

ফন্ট সাইজ:

ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপিয়ান ফুটবল মহলে তীব্র অসন্তোষ চলমান। সম্প্রতি জুরিখে অনুষ্ঠিত ফিফার সাড়ে তিন ঘণ্টার উত্তাল নির্বাহী কাউন্সিল বৈঠকের পর ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর শীর্ষ প্রধানরা প্রকাশ্যে ইনফান্তিনোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের সাফ কথা-যারা প্রশ্নের উত্তর দিতে পারেন না, ফিফার মতো বৈশ্বিক সংস্থার সভাপতি পদে থাকার নৈতিক যোগ্যতা তাদের নেই।

বৈঠকের শুরুতেই ফিফার বিতর্কিত বিশ্বকাপ সেল-অফ পরিকল্পনা নিয়ে আগেভাগে কাউকে না জানানোর জন্য ক্ষমা চান ইনফান্তিনো। তবে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব, ডোনাল্ড ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্র স্ট্রাইকার ফোলারিন বালোগানের মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে লাল কার্ডের নিষেধাজ্ঞা মওকুফের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কাউন্সিল সদস্যদের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপারসন ডেবি হিউইট তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সুনির্দিষ্ট যেসব প্রশ্ন রেখেছিলাম, তার একটিরও উত্তর মেলেনি। ইনফান্তিনোকে অবশ্যই এসবের জবাব দিতে হবে। তিনি যদি উত্তর দিতে ব্যর্থ হন, তবে ফিফা সভাপতি হিসেবে তিনি সম্পূর্ণ অযোগ্য। এই কথাটি আমি বৈঠকেও পরিষ্কার বলে দিয়েছি।’

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বার্নড নিউয়েনডর্ফ আরও এক ধাপ এগিয়ে বলেন, ফিফার সামগ্রিক প্রশাসন ও সুশাসনে আমূল সংস্কার প্রয়োজন। তবে ইনফান্তিনোর নেতৃত্বে তা অসম্ভব। তিনি বলেন, ‘ফিফায় এখন সুশাসন ও নীতিগতভাবে নতুন মুখের একটি রাজনৈতিক পুনর্সূচনা দরকার।’

ইউরোপিয়ান ফুটবল প্রধানরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আগামী মার্চের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একজন শক্তিশালী বিকল্প প্রার্থী তারা ঠিকই খুঁজে পাবেন। তবে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা), উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন (কনকাক্যাফ) এবং এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) প্রধানরা আগেই প্রতিদ্বন্দিতা না করার ঘোষণা দিয়েছেন।

এদিকে, ফিফার আর্থিক রিজার্ভ থেকে আগামী চার বছরের চক্রে প্রতিটি জাতীয় সংস্থাকে ২ কোটি ৫০ লাখ ডলার করে মোট ৩৫০ কোটি ডলার বিতরণের প্রস্তাব কাউন্সিল অনুমোদন করেছে। অন্যদিকে, ফিফার এশিয়া ও আফ্রিকার কাউন্সিল সদস্যরা ইনফান্তিনোর পক্ষেই জোরালো অবস্থান নিয়েছেন।

মরিশানিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি আহমেদ ইয়াহিয়া বলেন, ‘প্রেসিডেন্ট ইনফান্তিনো ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং বিষয়টি নিয়ে দায়িত্বশীল আলোচনা হয়েছে। আমরা নিশ্চিত যে, জিয়ান্নি ইনফান্তিনোই সঠিক সভাপতি এবং সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে চান।’

নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৮ই নভেম্বর। ঠিক তার আগে ডিসেম্বরের মাঝামাঝিতে দোহায় পরবর্তী বৈঠকে বসার কথা রয়েছে ফিফা কাউন্সিলের।