কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গেলে পুলিশের দুই সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেনকে বিএসএফ ধরে নিয়ে যায়। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী দুই রাষ্ট্রের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। কিন্তু ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব তা ক্ষুণ্ণ করছে, যা মোটেই কাম্য নয়। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন। বিষয়টি গভীরভাবে সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীকে সতর্ক পদক্ষেপ নেওয়া জরুরি। বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পুলিশ সদস্যদের অবিলম্বে সসম্মানে দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী ভারত বাংলাদেশের প্রতি সম্মানজনক আচরণ করছে না। এ ঘটনায় বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো এবং প্রতিকার দাবি করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
