বোর্ডকে তোপের মুখে ফেলে ক্ষমা চাইলেন লিসান্দ্রো, জরিমানা করলো ইউনাইটেড

বোর্ডকে তোপের মুখে ফেলে ক্ষমা চাইলেন লিসান্দ্রো, জরিমানা করলো ইউনাইটেড

ফন্ট সাইজ:

অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লীগে হেরে ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ড ও টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কড়া সমালোচনা করেন লিসান্দ্রো মার্টিনেজ। এ ঘটনা জন্ম দেয় চরম বিতর্কের। তার জের ধরে এবার ক্লাব পরিচালকদের কাছে ক্ষমা চাইলেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তবে বিতর্ক সামাল দিলেও শাস্তির হাত থেকে রেহাই পেলেন না তিনি। বড় অঙ্কের জরিমানা করা হলো রেড ডেভিল তারকাকে।

বৃহস্পতিবার ইউনাইটেডের কারিংটন ট্রেনিং গ্রাউন্ডে কোচ মাইকেল ক্যারিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন লিসান্দ্রো। ক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং মাঠের বাইরের উত্তেজনা প্রশমিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন ২৮ বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক। তিনি লেখেন, ‘আজ আমি ক্লাবের শীর্ষ নেতৃত্ব ও ম্যানেজারের সঙ্গে বৈঠক করেছি। আমাদের আলোচনা খুবই ইতিবাচক ছিল, যেখানে মঙ্গলবার রাতের ম্যাচের পর ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা খোলাখুলি কথা বলতে পেরেছি।’

নিজের আবেগের কথা উল্লেখ করে লিসান্দ্রো আরও লেখেন, ‘সবাই জানেন আমি একজন আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলকে খুব বেশি ভালোবাসি। হারের চরম হতাশা থেকে আমি এমন সময়ে এবং এমন জায়গায় মনের অনুভূতি প্রকাশ করে ফেলেছি, যা হয়তো একদমই উপযুক্ত ছিল না। আর তার জন্যই আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ইউনাইটেড তখনই সেরা থাকে, যখন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। বুঝতে পারছি যে আমার মন্তব্য সেই ঐক্যে সাহায্য করেনি।’

বিবিসির খবর, মেজাজ হারানোর কারণে লিসান্দ্রোকে জরিমানা করা হয়েছে। তবে তার পরিমাণ প্রকাশ করা হয়নি। এর আগে অ্যাটলেটিকোর কাছে ২-০ গোলে হারের পর সরাসরি সম্প্রচারকৃত সাক্ষাৎকারে দলবদলে পর্যাপ্ত বিনিয়োগ না করা এবং স্কোয়াডের গভীরতা নিয়ে সরাসরি টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এতে ড্রেসিংরুম ও ক্লাব প্রাঙ্গণে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

যদিও ক্ষমার পর বিতর্কটি আপাতত থেমে গেছে বলে মনে করা হচ্ছে। তবে আগামী মৌসুমে লিসান্দ্রোর ওল্ড ট্র্যাফোর্ডে থাকা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। চলতি মৌসুমের পরেই তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ক্লাবের হাতে এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ থাকলেও, সাম্প্রতিক এই ঘটনার পর তারা সেই পথ হাঁটবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।