মোটরসাইকেলের সামনেও থাকতে হবে নম্বর প্লেট। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেল মালিকদের এই ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতুর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে।
সরকার মোটরসাইকেলের পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের পাশাপাশি সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্দিষ্ট মাপ অনুসরণ করে নম্বর প্লেট প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বর প্লেটের দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে ২০০ ও ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে ২৮৫ ও ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
নম্বর প্লেটের উপাদান স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে। নম্বর প্লেটটি সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। ম্যানুয়াল নম্বর প্লেটের ওপর অন্য কোনো শোভবর্ধন ও নকশা করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে নম্বর প্লেট সংযোজন করে তা প্রদর্শনের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বিআরটিএ। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
