রাজধানীর তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

রাজধানীর তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর তুরাগের ১৭ নম্বর সেক্টরের আই ব্লকে একটি রেস্টুরেন্টের বাইরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুজাহিদ নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মুজাহিদকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী বিশ্বজিৎ জানান, তারা দুজনই তুরাগের ১৭ নম্বর সেক্টরের ‘বালির রেস্টুরেন্ট’ নামে একটি হোটেলে কাজ করতেন। রাতে হোটেলের সামনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুজাহিদ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্বজিৎ আরও জানান, নিহত মুজাহিদের গ্রামের বাড়ি বরিশাল জেলার রাজাপুর থানার নিজখালুয়া গ্রামে। তিনি ওই গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি তুরাগের ওই রেস্টুরেন্টেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।