সাতক্ষীরার শ্যামনগরে ‘মাদকাসক্ত’ ছেলে রমেশ মন্ডলের (৩০) হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন চাচি সুধা রাণী মন্ডল (৫৫)। এ সময় জখম হয়েছেন ঘাতকের মা ও চাচাত ভাই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর সদরের পারবাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। রমেশ মন্ডল ওই গ্রামের ছিদাম মন্ডলের ছেলে।
নিহত সুধা রানী মন্ডল শ্যামনগর পৌরসদরের বাধঘাটা গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী। আহতরা হলেন—নিহতের ছেলে সমীর কুমার মন্ডল ও অভিযুক্তের মা কমলা রানী মন্ডল।
কমলা রানী মন্ডল জানান, তার ছেলে রমেশ মন্ডল একজন মাদকাসক্ত। মাদক কেনার জন্য তার কাছে বিভিন্ন সময়ে টাকা চাইতো। একইভাবে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রমেশ তার কাছে আবারও টাকা চায়। তিনি দিতে পারবেন না বলায় সে ক্ষুব্ধ হয়ে দা দিয়ে তাকে কোপ মারলে তার ডান হাতের একটা আঙুল বিচ্ছিন্ন হয়, এ সময় তাকে রক্ষায় তার দেবরের স্ত্রী সুধা রানী ও ছেলে সমীর এগিয়ে গেলে তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাদের তিন জনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মন্ডলকে মৃত ঘোষণা করেন এবং কমলা রানী ও সমীর মন্ডলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে সমীর মন্ডলের অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা রমেশকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক রমেশ মন্ডলকে আটক করা হয়েছে এবং নিহত সুধা রানী মন্ডলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’
ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে চাচি খুন, অভিযুক্ত আটক
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
১৫ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
