হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের কার্যক্রমে আর বাধা নেই

চেম্বার আদালতের আদেশ

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত বোর্ডের কার্যক্রমে আর বাধা নেই

ফন্ট সাইজ:

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বর্তমানে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশের বিরুদ্ধে সরকারের করা আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল অনীক আর হক বলেন, সংশ্লিষ্ট আইনের বিধি অনুযায়ী সরকার প্রয়োজন মনে করলে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করতে পারে। সেই প্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২রা সেপ্টেম্বর বিভিন্ন সনাতনী নেতা ও বিশিষ্টজনদের সমন্বয়ে (যার মধ্যে নিপুণ রায় চৌধুরীসহ অন্যান্যরা রয়েছেন) একটি নতুন ট্রাস্টি বোর্ড গঠন করে।

পরবর্তীতে পূর্ববর্তী কমিটির দীপক কুমার পালিত মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং ৯৯২/২০২৬) দায়ের করেন। তার যুক্তি ছিল, বোর্ডের তিন বছরের মেয়াদ এখনো শেষ হয়নি। তবে আইন অনুযায়ী সরকার যেকোনো সময় বোর্ড পুনর্গঠনের এখতিয়ার রাখে। রিটের শুনানি নিয়ে গত ১৩ই অক্টোবর হাইকোর্ট বিভাগ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন।

হাইকোর্টের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন (নং ৯৯২/২০২৬) দায়ের করে। আজ চেম্বার আদালতে শুনানি শেষে মাননীয় বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের ১৩ অক্টোবরের দেয়া আদেশ স্থগিত করেন। এর ফলে গত ২রা সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত নতুন ট্রাস্টি বোর্ডের কার্যক্রম অব্যাহত রাখতে আর কোনো আইনি বাধা রইল না।