সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের

সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের

ফন্ট সাইজ:

সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। এতে সার বিতরণে সরকার ব্যর্থ হয়েছে এবং কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সারসংকট ও ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি নীতিমালা লঙ্ঘন করে রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কিছু এলাকায় দলীয় প্যাডে দেওয়া তালিকার ভিত্তিতে নিয়োগ হয়েছে। দিনাজপুর, রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, ডিলার নিয়োগে হাইকোর্টের আদেশ ভঙ্গ করা হয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ ও দুর্নীতি চলছে। সারসংকট নিয়ে সরকার অসত্য তথ্য দিয়েছে বলেও দাবি করেন তিনি।

ছয় দফা দাবি: ডিলার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত, দায়ীদের শাস্তি, নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া প্রকাশ, অর্থ আদায়ের অভিযোগে আইনগত ব্যবস্থা, সারসংকট নিয়ে বক্তব্য ও বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি জানিয়েছে জামায়াত।

প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার সংবিধান সংস্কার নিয়েও সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিরোধীদলকে বাইরে রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গণভোটের রায় ও অনুমোদিত আইনি কাঠামো অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে রাজপথে বিতর্ক না বাড়িয়ে সংসদে সমাধানেরও আহ্বান জানান।

এ সময় সার, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে উৎপাদন খরচ ও দ্রব্যমূল্য বাড়ছে উল্লেখ করে নগরবাসী ও প্রান্তিক কৃষকদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।