বান্দরবান থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

বান্দরবান থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

ফন্ট সাইজ:

বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই তিন কিশোরী বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে ওই তিন ছাত্রী নিখোঁজ হয়। পরে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ ছাত্রীদের সন্ধানে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালায় পুলিশ। একপর্যায়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসায় তাদের অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে পৃথকভাবে অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, বুধবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার দুটি বাসা থেকে নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।