বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
শ্রমিকরা জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ এবং নির্দিষ্ট দাবিগুলো পূরণের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বলেন, ‘উত্তরার আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস টাইমে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।’
