জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজি চালক আহত

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, সিএনজি চালক আহত

ফন্ট সাইজ:

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণে মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজি চালক আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শাহীন টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদের মৃত ভোলা শেখের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীতে সিএনজি গ্যারেজে থাকেন। আহত অবস্থায় শাহীনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে রাত ১ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

শেরে বাংলা নগর থানার এসআই মো. মাহবুব আলম বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দু’টি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। এ সময় স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা এক সিএনজি চালক আহত হন।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা এই হামলা করেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে।’