আওয়ামী লীগের মিছিল ঘিরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের মিছিল ঘিরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন—অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর পৃথক দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অ্যাডভোকেট মাহাবুব রহমানকে দেওভোগের পাকা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, কয়েক দিন আগে ফতুল্লা থানার আওতাধীন জামতলা অক্টো অফিস এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়। ওই ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয় বলে অভিযোগ আইভী সমর্থকদের।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনরায় জামিনের আবেদনের বিষয়ে দিন ধার্য ছিল। শুনানিতে তার আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টিত ছিলেন আইভী। এ সময় তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে একই স্লোগানে কণ্ঠ মেলান।