নেত্রকোনায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র

নেত্রকোনায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র

ফন্ট সাইজ:

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় মধ্যরাতে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দু’টি মোটরসাইকেল এবং অফিসিয়াল রেকর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পান কেয়ারটেকার মোহাম্মদ আইনুদ্দিন। আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দোতালায় ঘুমন্ত অবস্থায় থাকা অফিসের স্টাফ সুব্রত নিচে নেমে আসেন। এরপর
তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় লোকজন ও ব্যাংক কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনজুর আহমেদ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোতলসহ আলামত সংগ্রহ করেছে। কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।’