ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলায় রাজধানী কিয়েভের কিছু অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের যোগাযোগ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। এ খবর জানিয়েছে আল জাজিরা ।
হামলার পর কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, হামলার কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিসেবা বিঘ্নিত হয়। কিয়েভের দেসনিয়ানস্কি ও গোলোসিভস্কি জেলায় তিনজন এবং দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝিয়ায় আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়া খারকিভ, ঝিতোমির, সুমি ও চেরনিহিভেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পশ্চিমা মিত্রদের কাছ থেকে কোনো আগাম সতর্কবার্তা পাননি তারা। ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য মস্কোকে অভিযুক্ত করে তিনি বলেন, যুদ্ধবিরতির আওতাভুক্ত জ্বালানি অবকাঠামোকেই রাশিয়া ইচ্ছাকৃতভাবে নিশানা করেছে।
এর মাধ্যমে ওয়াশিংটনের প্রতি প্রকাশ্য অশ্রদ্ধা দেখিয়েছে মস্কো। অন্যদিকে রাশিয়া দাবি করেছে, তারা রাতভর রাজধানীর দিকে আসা ১৮০টিসহ মোট ৯০২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার সারাটভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হন।
