সিলেট নগরের কানিশাইলে জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া নামে একজন মারা গেছেন। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। বর্তমানে নগরের কানিশাইলে ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, মঙ্গলবার বিকালে নগরীর কানিশাইল খেয়াঘাট এলাকায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান। এক পর্যায়ে জজ মিয়া ভয়ে নদীতে ঝাঁপ দেন। তিনি পেশায় রিকশা চালক। জজ মিয়া এজেন্টের মাধ্যমে অনলাইনে জুয়া খেলতেন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, জজ মিয়া হৃদরোগে আক্রান্ত ছিলেন। হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে তিনি বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কোতোয়ালী থানার মো. মাইনুল জাকির বলেন, ‘জজ মিয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন।’ ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
