ওপেনএআই কার্যালয়ে অডিও রেকর্ডিং যন্ত্র পাতার দায়ে সৌদি নাগরিক গ্রেপ্তার

ওপেনএআই কার্যালয়ে অডিও রেকর্ডিং যন্ত্র পাতার দায়ে সৌদি নাগরিক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ওপেনএআইয়ের কার্যালয়ে গোপনে অডিও রেকর্ডিং যন্ত্র পাতার দায়ে এক সৌদি নাগরিকে গ্রেফতার করেছে এফবিআই। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আবদুর রহমান আলফোজান। তিনি ওপেনএআইয়ে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ইলেকট্রনিক বা অন্যান্য যন্ত্র ব্যবহার করে গোপন কথোপকথন ধারণ করার অভিযোগ আনা হয়েছে। এ খবর প্রকাশ করেছে বিবিসি।

সান ফ্রান্সিসকো কার্যালয়ে লুকানো একটি ‘উন্নত রেকর্ডিং যন্ত্র’ পাওয়ার পর প্রতিষ্ঠানটি মার্কিন তদন্ত সংস্থা এফবিআইকে জানায়। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব এআই মডেল ব্যবহার করে শনাক্ত করে যে তাদেরই এক কর্মী এটি সেখানে স্থাপন করেছেন। প্রসিকিউটররা জানান, টয়লেট পেপারে মোড়ানো ওই ডিভাইসটি একটি এক্সিকিউটিভ কনফারেন্স রুমের টিভির পেছনের ইউএসবি পোর্টে ঢোকানো অবস্থায় পাওয়া যায়। তবে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআই জানিয়েছে, এই ঘটনায় তাদের সোর্স কোড, মডেল ওয়েটস বা গ্রাহকদের কোনো ডেটা বেহাত হয়নি। অভিযুক্ত ওই কর্মীকে এরই মধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে আলফোজান ওপেনএআইয়ে প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন।

গত ৩০শে সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কর্মীরা ডিভাইসটি খুঁজে পান। প্রসিকিউটরদের মতে, এটি লাগানোর দুই দিন পর তা শনাক্ত হয়। যন্ত্রটি ছিল এনক্রিপ্ট করা। এফবিআই জানায়, ওপেনএআইয়ের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ এবং কীভাবে গোপনে অডিও সরঞ্জাম বসাতে হয়, তা জানার জন্য ওই ব্যক্তি একটি চ্যাটবট ও প্রডাক্টিভিটি টুল ব্যবহার করেছিলেন। তিনি সেখানে কীভাবে একটানা অডিও রেকর্ড করার যন্ত্র তৈরি করা যায়, ওয়াই-ফাই সংযোগ কাস্টমাইজ করা যায়, লাইভ শোনার ব্যবস্থা উন্নত করা যায় এবং মেমরি কার্ড এনক্রিপ্ট করা যায়Ñ সেসব বিষয়ে অনুসন্ধান চালান।

প্রসিকিউটররা জানান, গত ৫ই অক্টোবর তিনি কনফারেন্স রুমে গিয়ে যন্ত্রটি পরীক্ষা করতে যান। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। একই দিনে তিনি ভবনের অন্য একটি জায়গায় তার ব্যাগ ফেলে যান। ওপেনএআইয়ের নিরাপত্তা দল ব্যাগটি খুলে তার ওয়ালেট ও পরিচয়পত্রের পাশাপাশি কনফারেন্স রুমে পাওয়া যন্ত্রটির মতো আরেকটি রেকর্ডিং ডিভাইস উদ্ধার করে। মঙ্গলবার আলফোজানকে আদালতে হাজির করা হয়। দোষী সাব্যস্ত হলে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা) জরিমানা হতে পারে।