এনসিপি’র শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলটির শীর্ষ কয়েকটি পদের নাম পরিবর্তন হচ্ছে। একইসঙ্গে নেতাদের পদও রদবদল করা হচ্ছে। দলটির আহ্বায়ক ও সদস্য সচিব আগের মতো থাকলেও দলে গুরুত্বপূর্ণ পদ মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চলের) ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চলের) পদগুলো বিলুপ্ত হতে যাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে দলটিতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী স্থান পেয়েছে। বিভিন্ন সময়ে কমিটির আকার বাড়াতে গিয়ে বিভিন্ন পদও সৃষ্টি করেছিল দলটি। সবশেষ দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলে মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেছিল সারজিস আলম। এনসিপি’র দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় চারটি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

এসব বিষয়ে জানতে চাইলে এনসিপি’র এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, বেশ কয়েকটি পদ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল বা পরশুর মধ্যে ঘোষণা করা হতে পারে। সূত্র মতে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন আজ রাতে ঘোষণা করা হবে। বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হতে যাচ্ছেন। একই পদে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও দায়িত্ব পেতে যাচ্ছে। অন্যদিকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সূত্রে আরও জানায়, দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়ে সারজিস আলম সাংগঠনিক বিষয় দেখভাল করবেন। এ ছাড়া আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহ-প্রধান হিসেবে কাজ করবেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।