এএফসি’র কোচিং লাইসেন্স পেলেন শামীমুর রহমান

ফন্ট সাইজ:

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোচিং লাইসেন্স পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ফুটবলার ও কোচ শামীমুর রহমান। তার এ সাফল্যে স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। গত রোববার সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি’র কোচিং লাইসেন্সপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেয়া হয়। গত জানুয়ারিতে কোর্সের দ্বিতীয় সেশনের প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ হন শামীমুর।

শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে তিনিই একমাত্র এ লাইসেন্স অর্জন করেছেন। ২০১২ সালে শায়েস্তাগঞ্জের কলিমনগরে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেন শামীমুর। বর্তমানে তিনি চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির কোচ এবং হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৫ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ ও নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করছেন তিনি। এএফসি’র কোচিং লাইসেন্স অর্জন তার কোচিং ক্যারিয়ারে নতুন সম্ভাবনা তৈরি করবে। পাশাপাশি হবিগঞ্জের তরুণ ফুটবলারদের জন্যও এটি অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।