পূর্বধলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া (পূর্বপাড়া) গ্রামে গত ৭ই অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিম তার নিজ বসত ঘরে একা ছিলেন। অভিযোগে বলা হয়, একই গ্রামের দৌলত আলী (৬৫) কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদী আবুল হাসেম (৪৬) অভিযোগে উল্লেখ করেন, তার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে নিজ ঘরে একা বসবাস করেন। প্রতিবেশী এক নারী ওই সময় তার মায়ের সাথে দেখা করতে গিয়ে ঘটনাটি দেখতে পান এবং চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের পরিবার স্থানীয়ভাবে বিচার চেয়েও না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জের কাছে দায়ের করা অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, আসামি ধরার জন্য অভিযান অব্যাহত আছে।