অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে দ্বিতীয় ম্যাচে সোবহানা মোস্তারী ও জ্যোতির রেকর্ড জুটি লড়াইয়ের সাহস জুগিয়েছে টাইগ্রেসদের। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সকাল সাড়ে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচে লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো, সঙ্গে জয় দিয়ে ঐতিহাসিক সফর শেষ করা। প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ১৬৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ রানে ৩ উইকেট হারানোর পর সোবহানা ও জ্যোতি গড়েন ১৯৫ রানের জুটি।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করেন সোবহানা। তার ১১৮ ও জ্যোতির ৭৪ রানে ২২০ রান তোলে বাংলাদেশ। তবে ১৩১ বল ও ৯ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সুখবর পেয়েছেন সোবহানা ও জ্যোতি। আইসিসি’র সর্বশেষ নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে সোবহানা যৌথভাবে ৩৫তম এবং জ্যোতি যৌথভাবে ২৪তম স্থানে উঠেছেন। উন্নতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমরা দিন দিন উন্নতি করছি। আরও ভালো করে উন্নতির ছাপ রাখতে চাই।’
শেষ ম্যাচে ভালো করতে হলে ব্যাটিংয়ের শুরুটা সামলানোর পাশাপাশি বোলিংয়েও উন্নতি করতে হবে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে টপঅর্ডার দ্রুত ভেঙে পড়েছে, আর বোলাররা নিতে পেরেছেন মাত্র চার উইকেট। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানানো কঠিন হলেও সোবহানার সেঞ্চুরি দেখিয়েছে, লড়াই করার সামর্থ্য আছে টাইগ্রেসদের। সেই লড়াকু মানসিকতাই শেষ ম্যাচে পুঁজি জ্যোতিদের।
