পুরো দেশ এখন যন্তর মন্তর হবে: অভিজিৎ দীপকে

পুরো দেশ এখন যন্তর মন্তর হবে: অভিজিৎ দীপকে

ফন্ট সাইজ:

ভারতের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তর প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক আন্দোলনের মাঝে দিল্লি পুলিশ যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি পুলিশের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, ওই স্থানটিকে ইতোমধ্যেই একটি “যুদ্ধক্ষেত্রে” পরিণত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে দীপকে লিখেছেন, ওরা যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আর প্রতিবাদস্থল নয়, কারণ কাপুরুষ স্বৈরশাসক তো এমনিতেও এটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হবে!

দিল্লি পুলিশ জাতীয় রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরকে তালিকাভুক্ত করা বাতিল করেছে এবং এই ধরনের সমাবেশের জন্য তিনটি বিকল্প স্থানের নাম উল্লেখ করেছে।

১১ অক্টোবরের একটি স্থায়ী আদেশ অনুসারে, পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড, রামলীলা গ্রাউন্ড এবং বুরারি গ্রাউন্ডকে প্রতিবাদ ও বিক্ষোভের স্থান হিসেবে মনোনীত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এই তিনটি নির্ধারিত স্থানে প্রতিবাদ আয়োজনের জন্য সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আলাদাভাবে জারি করা হবে।

দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার স্বাক্ষরিত এই আদেশটি ২৮ এপ্রিল, ২০২২ তারিখের পূর্ববর্তী একটি স্থায়ী আদেশকে সংশোধন করা হয়েছে, যেখানে যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে মনোনীত করা হয়েছিল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগে মুখ্যনির্বাচন কমিশনার জ্ঞানেশ পদত্যাগের দাবিতে চলমান প্রতিবাদের মধ্যেই এই পদক্ষেপটি নেয়া হয়েছে।