শ্রীপুরে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি ঘটনায় এক যুবকের মরদেহ উদ্ধার এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে সবুজ মিয়া নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সবুজ স্থানীয় বখাটেদের সাথে চলাফেরাসহ মোবাইল গেমে আসক্ত ছিল। রাতের খাবারের পর বের হয়ে আর বাড়িতে ফিরেনি। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তারা সবুজের লাশ শনাক্ত করেন। অন্যদিকে, গত রোববার রাতে একই উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় সীমা রানী দাস নামে ২৫ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন অভিযুক্ত স্বামী উদ্ভব দাস। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত উদ্ভব দাস একই গ্রামের নকুল দাসের ছেলে। শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম বলেন, দুটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারীকে হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে, অন্য ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হবে।