অন্যায়, নির্যাতন ও হয়রানির শিকার হলে নীরব থেকো না

কন্যাশিশুদের প্রতি প্রেসিডেন্ট

অন্যায়, নির্যাতন ও হয়রানির শিকার হলে নীরব থেকো না

ফন্ট সাইজ:

কন্যাশিশুদের উদ্দেশে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্যায়, নির্যাতন ও হয়রানির শিকার হলে নীরব থেকো না। বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানাও; প্রয়োজনে হেল্পলাইনের সহায়তা নাও। তোমাদের জন্য নিরাপদ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।’ সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে এক ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট বলেন, ‘মনে রেখো, তোমাদের সাফল্যের সঙ্গে শুধু তোমাদের পরিবার নয়; সমাজ এবং বাংলাদেশের ভবিষ্যৎও জড়িয়ে আছে।’

কন্যাশিশুদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিজের অধিকার সম্পর্কে সচেতন হও। শিক্ষাকে আঁকড়ে ধরো, দক্ষতা অর্জন করো এবং নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নাও। স্বপ্ন দেখতে ভয় পেয়ো না। তোমাদের স্বপ্ন বড় হোক, প্রস্তুতি হোক দৃঢ়, আর লক্ষ্য অর্জনে থাকুক অধ্যবসায়।’

অভিভাবকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের প্রতি বিশেষ আহ্বান-কন্যাকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখুন। ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দিন। ছেলে সন্তানকে ছোটবেলা থেকে মেয়েদের সম্মান করতে, তাদের মতামতকে গুরুত্ব দিতে শেখান। বিয়ের জন্য সঞ্চয়ের আগে মেয়ের শিক্ষা ও কল্যাণে বিনিয়োগ করুন। সংসারের চাবির পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ার চাবিটিও তার হাতে তুলে দিন।’

সমান অধিকারের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘ছেলের মতো মেয়েকেও নিজের যোগ্যতায় সফল হওয়ার সুযোগ দিন, দক্ষ করে তুলুন এবং নিজের পায়ে দাঁড়ানোর সামর্থ্য অর্জনে সহযোগিতা করুন।’

কন্যাশিশুর বিশ্বজয়ের জন্য পরিবর্তন জরুরি উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ‘আর সেই পরিবর্তন সম্ভব। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ এবং সর্বোপরি মানসিকতার পরিবর্তন। এসব ক্ষেত্রে ধর্মীয় নেতা ও শিক্ষক, কাজি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। আমাদের মনে রাখতে হবে, এক ডানায় ভর করে কোনো পাখি যেমন আকাশে উড়তে পারে না, তেমনি নারী ও কন্যাশিশুকে পেছনে রেখে কোনো সমাজ ও জাতি-উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে পৌঁছাতে পারে না। এ প্রসঙ্গে নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়ার কথা মনে রাখতে হবে। আমরা সমাজের অর্ধাঙ্গ। আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কী রূপে।’

কন্যাশিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসুন, আমরা এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে—এই দেশ আমার। এই ভবিষ্যৎও আমার। শিশু বিয়ে আর নয়। বৈষম্য আর নয়। কন্যার স্বপ্ন থামবে না।’

‘কন্যা এগিয়ে যাবে। কন্যা করবে বিশ্বজয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি কন্যাশিশু নিরাপদ পরিবেশে, সমান মর্যাদা ও অফুরন্ত সম্ভাবনা নিয়ে বেড়ে উঠুক—এই হোক আজকের অঙ্গীকার’-বলেন তিনি।