নিয়োগের ২১ দিন পর তালা ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি

শাটডাউন কর্মসূচি চলছে

নিয়োগের ২১ দিন পর তালা ভেঙে প্রশাসনিক ভবনে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি

ফন্ট সাইজ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান শাটডাউন ও কর্মবিরতির মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি প্রশাসনিক ভবন-২ এ প্রবেশ করেন। প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশের পর উপাচার্যকে একটি চেয়ারে বসানো হয়। এ সময় কয়েকজনকে তার সঙ্গে মুঠোফোনে ছবি তুলতে দেখা যায়। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ২০ দিন ধরে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন কর্মসূচি।
এরপর ২৪ সেপ্টেম্বর নতুন উপাচার্য অনলাইনে যোগদান করেন। তবে আন্দোলনের কারণে এত দিন তিনি ক্যাম্পাসে যাননি। গত ১০ অক্টোবর অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।
রোববারও উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। একই দিন প্রশাসনিক ভবন-২ এর সামনে বিক্ষোভ শেষে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেয় স্টাফ অ্যাসোসিয়েশন।
আন্দোলনকারীদের প্রধান দাবি, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।