কুষ্টিয়ায় বিএনপি’র নির্বাচনী প্রচারণায় হাসপাতালের আরএমও, শোকজ

কুষ্টিয়ায় বিএনপি’র নির্বাচনী প্রচারণায় হাসপাতালের আরএমও, শোকজ

ফন্ট সাইজ:

সরকারি কর্মকর্তা হয়েও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে তাকে এ নোটিশ প্রদান করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে কর্মরত থাকা সত্ত্বেও ডা. হোসেন ইমাম প্রকাশ্যে বিএনপি’র মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেন। এতে তিনি দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার ১৯৭২ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২০(ক) ও ২০(খ) লঙ্ঘন করেছেন। একইসঙ্গে বাংলাদেশ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এরও সুস্পষ্ট ব্যত্যয় ঘটেছে। কুষ্টিয়া আদালতের যুগ্ম দায়রা জজ আরিফুল ইসলাম স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গত ৮ই ফেব্রুয়ারি ছবি সংযুক্ত করে ডা. হোসেন ইমামের বিরুদ্ধে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, ইমাম বিএনপি’র প্রার্থীর সঙ্গে বিভিন্ন বাজার ও দোকানে গণসংযোগে অংশ নেন। পরবর্তীতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ওই অভিযোগ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠান। অভিযোগ ও সংযুক্ত ছবি পর্যালোচনা করে কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায়, বিধি ২৭ অনুযায়ী কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে আগামী ১১ই ফেব্রুয়ারি তারিখ বিকাল ৩টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আরএমও ইমাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এখনো পর্যন্ত এ ধরনের কোনো চিঠি আমি পাইনি।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ই নভেম্বর ২০২৫ তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সভা, সমাবেশ ও নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন