আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টাঙিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে গত সোমবার জেলা এনসিপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় ও এনসিপি’র মিডিয়া সেলে তিনি কথাগুলো উল্লেখ করেছেন। কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য (ঐক্যবদ্ধ বাংলাদেশ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আতিক মুজাহিদ। সভায় ড. আতিক মুজাহিদ আসন্ন নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতকরণসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আপনারা যেন যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এজন্য আমি কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টাঙিয়ে রাখবো। তিনি আরও বলেন, একটি দল কার্ডের লোভ দেখিয়ে অপরাজনীতি করছে। আমরা কার্ডের রাজনীতি বন্ধ করবো। কুড়িগ্রামকে একটি কর্মমুখর জেলা বানাবো। কার্ড আর কম্বল দেখিয়ে এ জেলার মানুষকে আর পিছিয়ে রাখা হবে না। কুড়িগ্রামে ডাক্তাররা থাকতে চান না, ঢাকায় বদলির জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘোরেন। আমরা এই সিস্টেম বন্ধ করবো। ঢাকায় পাঠাবো না, বরং উল্টো আরও ভালো ডাক্তার কুড়িগ্রামে নিয়ে আসবো।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে গণমাধ্যমকে নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি কুড়িগ্রাম-২ আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের অবস্থান ব্যাখ্যা করেন।
‘এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টাঙিয়ে রাখবো’
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
