নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে গড়ে উঠছে না শিল্পপ্রতিষ্ঠান। অনুকূল পরিবেশ নেই- এমন অজুহাতে সেখানে ব্যবসা করতে আগ্রহ দেখাচ্ছেন না ব্যবসায়ীরা। এমন ভঙ্গুর অবস্থার কারণ হিসেবে বিগত সরকারের লুটপাট আর স্বজনপ্রীতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, শিল্প সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৭ সালে লক্ষ্মীপুর জেলার মূল সড়কের পাসে বাঞ্চানগর এলাকায় ১৬ একর জমি নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পগরী। প্রতিষ্ঠার দীর্ঘকাল পর নানা সমস্যায় জর্জরিত এই শিল্পনগরীটির উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়নী। সরজমিনে গিয়ে দেখা গেছে, নানা সুযোগ-সুবিধার হাতছানির লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী বিদ্যুৎ ও পানি সংকটে ক্রমশ মুখ থুবড়ে পড়েছে। এখানে নিজস্ব পানি সরবরাহের কোনও ব্যবস্থা নেই। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে। বিসিকের ভেতরে চারপাশে বসেছে অনুমোদনহীন চা-সিগারেটের দোকান। নগরীর নিরাপত্তায় নেই কোনও প্রহরী। ফলে দিনের অধিকাংশ সময় অফিস বাউন্ডারির ভেতর বসে বখাটেদের আড্ডা। নারী শ্রমিকদের আতঙ্কে রাস্তা পার হতে হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, গ্যাস ও বিদ্যুৎসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেয়া হলেও প্রকৃত শিল্প-উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীদের প্লট দেয়া হয়নি। বিগত সরকারের সিন্ডিকেটে রাজনৈতিক নেতাদের সুপারিশে মদদপুষ্টদের প্লট বরাদ্দ দেয়ায় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। ফলে নামেমাত্র প্লটগুলোর দখল নিলেও শিল্পনগরীতে শিল্পপ্রতিষ্ঠানের দেখা মেলে না।
গত কয়েক বছর সিন্ডিকেট করে বিসিকের সভাপতির দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, সাধারণ সম্পাদক ছিলেন জামায়াত নেতা আবদুর রহিম। গত কয়েক দিন আগে মেয়াদোত্তীর্ণ এই সিন্ডিকেটের ছত্রছায়ায় পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরদের কবলে এখনও বিসিক এলাকা।
ব্যবসায়ী নেতারা বলছেন, ‘শিল্পের প্রসারের প্রয়োজনীয়তা থাকলেও যথাযথভাবে প্লট বরাদ্দ না দেয়া ও সরকারের ভুল নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প। পুনরায় যাচাই-বাছাই করে প্রকৃত ব্যবসায়ীদের হাতে প্লট হস্তান্তরসহ আরো বিশাল অঞ্চল নিয়ে বিসিক সম্প্রসারণের দাবি করেছেন তারা।
বিসিকের উপব্যবস্থাপক মো. ফজলুল করিম বলেন, বিভিন্ন জটিলতার কারণে বিসিকের উন্নয়ন তেমন হয়নি। অনেক ব্যবসায়ী প্লট বরাদ্দের পর ব্যবসা করেননি। তাদের প্লট বরাদ্দ বাতিলের ব্যবস্থা করা হবে।
দুর্নীতি-অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়ছে লক্ষ্মীপুর বিসিক
লক্ষ্মীপুর প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
১১ অক্টোবর (রবিবার), ২০২৬, ৬ঃ৫৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
