কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে সীমান্তবর্তী ১৩২৮ নম্বর পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহিন আহমদে কেউটি হাওর গ্রামের আবদুল লতিফের ছেলে। নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন আহমদ দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দু’টি কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, গত শুক্রবার রাতে শাহিন আহমদ বাড়ি থেকে বের হন। রাত হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। এর পরদিন শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে। পরে তার পরিবারকে খবর দেয়। নিহতের বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, তাদের ধারণা শুক্রবার রাতের কোনো একসময় শাহিন আহমদ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অথবা খাসিয়ারা তাকে গুলি করতে পারে।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’