রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।

শনিবারের এ ঘটনায় বিমানবন্দরটির কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী দুজন এবং এ বিষয়ে অবগত আরও দুজনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন তিনি। পরে মেঝেতে তিনি একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ১২টিরও বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত বিমানবন্দরের দিকে যেতে দেখা গেছে।

তবে এ ঘটনায় সৌদি সরকারের মিডিয়া অফিস এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যে এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এর আগেও দুবার বিমানবন্দরটিতে হামলা হয়েছে।

ওই হামলায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এ ছাড়া হামলায় একটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্যত্র পাঠিয়ে দেয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলেছে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় সৌদি রাজধানীতে যাওয়া-আসার সব ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে কুয়েত এয়ারওয়েজ।

এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও নিজেদের হাব বিমানবন্দর থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে।