ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩১ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে নারীর সংখ্যা ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষের সংখ্যা ৪৮ দশমিক ১ শতাংশ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়েছে।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দু’জন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু হয়নি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির অবনতি ঘটে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের প্রাণহানি হয়। সেপ্টেম্বরে ডেঙ্গুতে মারা যান ১৪৮ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যু। আর অক্টোবরের প্রথম ১০ দিনে প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় গত ৬ই অক্টোবর।
