বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাঝে-মধ্যেই কথা হয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। তিনি নিজমুখে এ কথা স্বীকার করেছেন। বলেছেন, হাসিনা বাংলাদেশে ফিরতে চান। কিন্তু সরকার তাকে ফিরতে দিচ্ছে না। অনলাইন নিউ এইজে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, বৃহস্পতিবার প্রচারিত একটি ইউটিউব পডকাস্টে জি এম কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়। মাঝেমধ্যে আমাদের কথা হয়। তিনি সবার সঙ্গেই কথা বলছেন।
ভিডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেন জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী লায়েস আহমেদ। পডকাস্টে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ সরকার তাকে ফিরতে দিচ্ছে না। তারা তার জনপ্রিয়তাকে ভয় পান। এদিকে, নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না তার দল এমন অভিযোগ করেন জিএম কাদের। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করতে গেলে দলীয় নেতাকর্মীদের পুলিশ হুমকি দিয়েছে। জিএম কাদের বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে আমরা যখন মিছিল বের করতে চাই, তখন পুলিশ আমাদের বলে, আমরা যেন কার্যালয় থেকে বের না হই। তিনি আরও অভিযোগ করেন, কার্যালয় থেকে বের হলে হামলার শিকার হতে পারেন বলে পুলিশ তাদের সতর্ক করেছে।
