মোহাম্মদপুরে খেলার সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তিনতলা বাসার ছাদে খেলার সময় পড়ে মোছা. নুসরাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নুসরাত মোহাম্মদপুরের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করে।

নিহত নুসরাতের বাবা মো. সজিব বলেন, আমার মেয়ে মোহাম্মদপুরের হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। দুপুরের দিকে বাসার ছাদে খেলার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে আমার মেয়েকে উদ্ধার করে প্রথমে এলাকার একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, আমার বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার দেওড়া গ্রামে।

বর্তমানে আমরা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ৩ নম্বর রোডের ১-সি নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি। আমার তিন মেয়ের মধ্যে নুসরাত ছিল সবার ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।