অবশেষে মুক্তি পেলেন নেহা

অবশেষে মুক্তি পেলেন নেহা

ফন্ট সাইজ:

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে আটকের পর অবশেষে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার এক্সে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
নেহা লিখেন, পুলিশ আমার ফোন নিয়ে নিয়েছিল। এখন ফোনটি ফেরত পেয়েছি। ময়দান গড়ি থানায় আটক নারীদেরও ছেড়ে দেয়া হয়েছে।

এ ছাড়া দিল্লির দ্বারকা ও বাওয়ানার রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে আটক ব্যক্তিদেরও মুক্তি দিতে শুরু করেছে পুলিশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদক সোফিয়া ম্যাথিউ এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তিনজন করে আটক ব্যক্তিকে মুক্তি দিচ্ছে।

ভারতের রাজধানী দিল্লিকে ঘিরে শনিবার সকাল থেকে অবরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সড়কে সড়কে ব্যারিকেড, বন্ধ অফিস, দোকানপাট ও রেস্তোরাঁ। এর মধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) যন্তর মন্তর অভিমুখে মিছিল আটকে দিয়েছে পুলিশ।
কেন্দ্রীয় দিল্লির যন্তর মন্তরে বড় জমায়েতের প্রত্যাশা নিয়ে দিন শুরু হলেও সেখানে পৌঁছাতে পেরেছেন হাতেগোনা কয়েকজন বিক্ষোভকারী। দ্রুত তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

এদিন যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক হন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ ছাড়া তাদের দলের শীর্ষ পর্যায়ের নেতা ও কর্মীদেরকেও আটক করা হয়েছে।

শহরের অন্যত্রও সিজেপির জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে। সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে বিমান থেকেই আটক করে দিল্লি পুলিশ।
এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা জানায়নি পুলিশ। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেই সংখ্যা আট হাজারের বেশি।