ফেনী সদর উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় নিজেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা করা হয়েছে। হামলায় গুরুতর আহত ভুক্তভোগী কামাল উদ্দিন সদর উপজেলা বিএনপি’র সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। শুক্রবার রাত ১০টার দিকে পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারে তার ওপর হামলা করা হয়। এ সময় কামাল ছাড়াও দুই সমর্থক দিদার ও রানা আহত হন। হামলায় জড়িত সন্দেহে ফেনী পৌর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মোকসেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপি’র নেতাকর্মীরা ফেনী-নোয়াখালীর আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। কামালসহ আহত তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালে ফেনী সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী বাছাইয়ে সভা হয়। ওই সভায় কামাল নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন দেলুর ভাতিজা মো. জিসানের নেতৃত্বে ১২ থেকে ১৩টি মোটরসাইকেল করে একদল দুর্বৃত্ত বিরলী বাজারে এসে কামালের ওপর হামলা চালায়। স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে এলে জিসান পালিয়ে গেলেও হামলায় জড়িত তাঁতীদল নেতা মোকসেদকে ধরে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামালসহ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হামলার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ায় হামলা, আটক ১
ফেনী প্রতিনিধি
১১ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
