দিনাজপুরের শ্রেষ্ঠ সংগঠক মাহমুদুল

দিনাজপুরের শ্রেষ্ঠ সংগঠক মাহমুদুল

ফন্ট সাইজ:

শিক্ষক সমাজের ভাগ্য উন্নয়ন ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে বিশেষ সম্মাননা সনদ লাভ করেছেন দিনাজপুরের শিক্ষক নেতা মাহমুদুল হাসান। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির রংপুর বিভাগের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দিনাজপুরের প্রত্যন্ত এলাকা বিরল উপজেলার কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত ৮ই অক্টোবর রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এবং অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেনসহ দেশবরেণ্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা মাহমুদুলের হাতে সম্মাননা সনদ তুলে দেন। মাহমুদুল দীর্ঘদিন ধরে রংপুর বিভাগ তথা দিনাজপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষকদের অধিকার আদায়, শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ এবং শিক্ষকদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতা স্থানীয় শিক্ষক সমাজকে আরও গতিশীল করবে। এই গৌরবময় অর্জনে দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী এবং স্থানীয় সুধীসমাজ মাহমুদুলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মাহমুদুল এই সম্মাননা প্রাপ্তিতে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পাশাপাশি শিক্ষকদের যেকোনো ন্যায্য অধিকার আদায়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।