বন্যহাতিকে পর্যটনের কাজে লাগানোর উদ্যোগ: পরিবেশ মন্ত্রী

ফন্ট সাইজ:

বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বৃদ্ধি এবং বন্যহাতিকে পর্যটনের কাজে লাগানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। শনিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মধুটিলা ইকোপার্কের উন্নয়নের পাশাপাশি শেরপুর জেলার পর্যটন খাতকে এগিয়ে নিতে উদ্যোগ নেয়া হবে। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, জেলা পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম ও বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম। পরে মন্ত্রী বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মধ্যে হাতি তাড়ানোর সরঞ্জাম বিতরণ করেন। এর আগে তিনি বুরুঙ্গা পাহাড়ের ওসমানের খাল এলাকায় হাতির চলাচলের পথ ও হাতিদের ব্যবহৃত একটি প্রাকৃতিক জলাধার পরিদর্শন করেন।