বই পড়ে ল্যাপটপ জিতলেন ৮ শিক্ষার্থী

ফন্ট সাইজ:

বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছেন আট শিক্ষার্থী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব ২০২৬’-এর ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে শনিবার বিজয়ীদের হাতে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেয়া হয়। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদ দেয়া হয়েছে। ‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ৮টি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছে ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরও ৯ জন করে শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।