শ্রীপুরে ছুটির দিনেও পরিচ্ছন্নতা অভিযান

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ১১টায় উড়ালসড়কের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। গত ১২ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী শুরু হওয়া পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় প্রতি শনিবার শ্রীপুরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি ছুটির দিনেও আমরা মাঠে নেমেছি। তিনি আরও বলেন, মাওনা চৌরাস্তার উড়ালসড়কের নিচের অংশটি অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত। এখানে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান তৈরি করা গেলে এলাকাটিকে একটি পরিচ্ছন্ন ও সবুজ অঞ্চলে (গ্রিন জোন) রূপান্তর করা সম্ভব। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সেই লক্ষ্যেই কাজ করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রীপুর পৌরসভার উদ্যোগে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আগামীতেও নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে।