জাতিকে সঠিক নেতৃত্ব দিতে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু। শনিবার সকাল ১০টায় বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুলু বলেন, মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে সচেতন অভিভাবকদের এগিয়ে আসতে হবে। এর মাধ্যমে দেশ, জাতি ও সমাজের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে। শিক্ষাক্ষেত্রে মেধার ঘাটতি দেখা দিলে দেশের অপূরণীয় ক্ষতি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনার বাইরে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সব সময় সজাগ থাকতে হবে। সন্তানদের মেধাবী হিসেবে গড়ে তুলে জ্ঞান অর্জনের মাধ্যমে দেশের স্বার্থে আত্মনিয়োগ করতে পারলে জাতি উপকৃত হবে। চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মীর জুমলা মিঠুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল আলম সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম।
